সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লড়ির সঙ্গে ইস্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার খোয়াশপুর এলাকায়। পড়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা গিয়েছে, এদিন ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল তার নিজের ইস্করপিও গাড়ি করে রায়গঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। করনদিঘী থানার খোয়াশপুরের ঝোপড়টোল এলাকায় রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। ওই গাড়ির চালকও গুরুত্বর আহত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করনদিঘি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে আসে। ঘাতক লড়িটিকে আটক করেছে করনদিঘী থানার পুলিশ। আটক লড়িরর চালকও। এদিন এই খবর পেয়ে বিধায়ককে দেখতে যান রাজ্যের মন্ত্রী জেমস কুজুর, তৃনমূলের জেলা সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস ও কার্তিক পাল, রায়গঞ্জ পৌরসভার উপ-পৌরপিতা অরিন্দম সরকার, জেলাশাসক আয়েষা রানী এবং পুলিশ সুপার শ্যাম সিং সহ জেলা তৃনমূল নেতৃত্ব।